লেবাননের একটি সশস্ত্র গোষ্ঠীর কাছে সাময়িক অপহৃত থাকার পর অবশেষে মুক্তি পেলেন লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল। দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পুলিশের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, বালবেক শহরে হানিবালকে ছেড়ে দেয়া হয়েছে এবং তাকে বৈরুতে ফিরিয়ে আনা হচ্ছে।
লেবাননের একটি টিভি ফুটেজের উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওতে ১৯৭৮ সালে লিবিয়ায় নিখোঁজ হওয়া শিয়াপন্থী নেতা মুসা আল সদরের ব্যাপারে কারও কাছে তথ্য থাকলে তা জানানোর জন্য আর্জি করতে বন্দি হানিবালকে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ভিডিওতে হানিবালকে দেখে মনে হয়েছে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। তবে তিনি নিজেকে সুস্থ আছেন বলে ওই ভিডিওতে দাবি করেছেন।
১৯৭৮ সালে শিয়া নেতা মুসার নিখোঁজ হওয়ার পর থেকে ওই ঘটনার জন্য মুয়াম্মার গাদ্দাফিকে দায়ী করে আসা হচ্ছিল। তবে সেসময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে দেন লিবিয়ার সাবেক এ নেতা।
২০১১ সালে এক বিদ্রোহে লিবিয়ায় দীর্ঘদিন ধরে শাসন চালিয়ে আসা মুয়ামার গাদ্দাফির পতন হয়।
ওমান সরকার ২০১২ সালে হানিবাল গাদ্দাফিকে আশ্রয় দেয়। চল্লিশ বছর বয়সী হানিবাল তার মা ও বোনসহ সেখানে আশ্রয় নিয়েছিলেন। তবে এটি নিশ্চিত নয় ঠিক কবে থেকে হানিবাল লেবাননে অবস্থান করছিলেন। ওমানে থাকাকালীন বোন আয়শা ও মা সাফিয়ার সঙ্গে গৃহবন্দি ছিলেন তিনি। সূত্র: বিবিসি
/এফইউ/








