ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনকে (সিএএ) ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আটক বন্ধের আহ্বান জানিয়েছে।
পুলিশি নিষেধাজ্ঞার মধ্যেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লি, উত্তর প্রদেশ,ব্যাঙ্গালুরু ও কর্নাটকসহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদ মিছিল অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় বিভিন্ন রাজ্য থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে স্বনামধন্য ইতিহাসবিদ থেকে শীর্ষ রাজনীতিকরাও রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিক্ষোভকারীদের প্রতি পুলিশি ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি। এতে প্রতিবাদরতদের আটক থেকে বিরত থাকতে দেশটির কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক অভিনাশ কুমার বলেছেন, ‘সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) একটি গোঁড়ামিপূর্ণ আইন। এটা ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টির আইনি পথ বাতলে দিয়েছে। এই আইনের বিপক্ষে দেশটির জনগণের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার ও মত প্রকাশের অধিকার রয়েছে।’
বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হওয়া বিলটি শুরু থেকেই ‘বৈষম্যমূলক’ আখ্যা পেয়েছে।








