ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ ঠেকাতে উত্তর প্রদেশের আট জেলায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়া চরম সতর্কতা জারি করেছে রাজ্যে সরকার। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর বিশৃঙ্খলা এড়াতে ওই দিন সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। বৃস্পতিবার (২৬ ডিসেম্বর) সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
গত ১২ ডিসেম্বর ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে-সহিংসতায় নিহত হয়েছে বেশ কয়েকজন নিহত হয়েছে। এর মধ্যে শুধু উত্তর প্রদেশেই নিহত হয়েছে ২১ জন। গত শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজ্যটিতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিনই বেশিরভাগ নিহত হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের জুমার নামাজের পর আন্দোলন নতুন করে ছড়ানোর আশঙ্কায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য পশ্চিম উত্তর প্রদেশের বিনজোর, বুলন্দশহর, মুজাফফরনগর, আগ্রা, ফিরোজাবাদ, সামভাল, আলিগড় এবং গাজিয়াবাদে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। গত সপ্তাহে লক্ষ্ণৌতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলেও সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পিভি রামাশাস্ত্রী বার্তাসংস্থা এএনআই’কে বলেছেন, ‘আমরা রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তাকর্মী মোতায়েন করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। একদিনের জন্য ৮ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন বিষয়ের ওপরেও আমরা নজর রাখছি।’








