পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বুধবার যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে একইসঙ্গে এ তালিকা বিনিময় করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরমাণু স্থাপনায় হামলা নিষিদ্ধ সংক্রান্ত চুক্তির আওতায় এ নিয়ে ২৯তম বারের মতো এ তালিকা বিনিময় করা হলো। তিন দশক আগে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন ও রাজ্যের মর্যাদা বাতিলের পর বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে বিবাদে জড়ায় ইসলামাবাদ। এ নিয়ে দুই দেশের মধ্যেই বুধবার এ তালিকা বিনিময়ের ঘটনা ঘটলো।
১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত চুক্তিতে উপনীত হয় ভারত ও পাকিস্তান। ১৯৯১ সালের ২৭ জানুয়ারি এটি প্রথমবারের মতো কার্যকর হয়।
উল্লেখ্য, উভয় দেশই পরমাণু শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কেউই পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে স্বাক্ষর করেনি। সূত্র: পার্স টুডে।








