ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছেন, দেশের জনগণকে বিভক্ত করতেই এমন সংবিধানবিরোধী পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। বুধবার বছরের প্রথম দিনে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নাগরিকত্ব আইন সংশোধনের পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। ১৫ ডিসেম্বরের ছাত্র বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে ঢুকে অভিযান চালায় পুলিশ। এতে বহু শিক্ষার্থী আহত হয়। আটক করা হয় অনেককে।
১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানিয়ে স্বরা বলেন, 'আমরা অনেক দিন ঘুমিয়েছিলাম। আপনাদের প্রতিবাদে সেই ঘুম ভাঙালো। দেশের প্রতি আপনাদের এই ভালোবাসাকে অন্তর থেকে কুর্নিশ জানাই।'
গত ১২ ডিসেম্বর ৫৫ বছরের পুরনো নাগরিকত্ব আইনে সংশোধন করে ভারত। সংশোধিত আইনে প্রতিবেশী তিন দেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এতে শামিল হয়েছেন দেশের অভিনয় শিল্পীরাও।
বুধবারের সমাবেশে নতুন নাগরিকত্ব আইনের সমালোচনা করে স্বরা বলেন, ‘দেশবাসীকে বিভক্ত করতেই এই আইন বানানো হয়েছে। এতে একটি বিশেষ ধর্মকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। একই সঙ্গে সংবিধানে আঘাত হানছে এই নয়া আইন।’ স্বরার অভিযোগ, শুধু দেশ বা দেশবাসী নয়, দেশের ধর্মনিরপেক্ষতাকেও বিশ্বজুড়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নতুন নাগরিকত্ব আইন। তার আহ্বান, জাতি-ধর্ম ভুলে এখন সবার সংবিধান রক্ষায় মনোযোগী হওয়া উচিত।








