ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীদের ওপর মুখোশধারীদের হামলার ঘটনায় ভিসির পদত্যাগ দাবি করেছেন ২৫০ এর বেশি আন্তর্জাতিক শিক্ষাবিদ। ওই হামলা গণতন্ত্রের ন্যূনতম মূল্যবোধকে লঙ্ঘন করেছে উল্লেখ করে এক প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালিসহ বেশ কিছু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।
৬ জানুয়ারি রবিবার জেএনইউতে একদল মুখোশধারী লোহার রড নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। হামলায় আহতদের বিরুদ্ধেই এফআইআর রুজু করেছে পুলিশ। ছাত্র সংসদের সভাপতি ঐশি ঘোষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রাবাসের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করার সময় বাম ও ডানপন্থী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ তোলা হয়েছে। জেএনইউতে হামলার ঘটনায় ঐশীসহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫০ এর বেশি শিক্ষাবিদ ৬ জানুয়ারির ওই সহিংসতার জন্য নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম. জগদীশ কুমারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান।
স্বাক্ষরকৃতদের মধ্যে অন্যতম হলেন ক্যানটারবেরির সাবেক আর্চবিশপ ক্যামব্রিজের ম্যাগডালেন কলেজের বর্তমান শিক্ষক ড. রোয়ান উইলিয়ামস, যুক্তরাষ্ট্রের নৃতাত্ত্বিক সংঘের প্রেসিডেন্ট অধ্যাপক অখিল গুপ্ত, যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর এশিয়ান স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক প্রসেনজিৎ দুয়ারা, ক্যামব্রিজের ডেম ক্যারোলিন হামফ্রিজ এবং স্যার ক্রিস্টোফার ক্লার্ক।
শিক্ষাবিদরা বলেছেন, ‘জেএনইউ ক্যাম্পাসে সশস্ত্র ও রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ব্যক্তিদের এই হামলা গণতন্ত্রের প্রতিটি আদর্শ ও মূল্যবোধকে লঙ্ঘন করেছে। ওই হামলা শিক্ষাঙ্গনের স্বাধীনতা, স্বেচ্ছাচারী রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সুরক্ষা এবং তাদের শিক্ষার্থী ও অনুষদের নিরাপত্তায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসকদের ওপর অর্পিত দায়িত্বপালনের নীতিও লঙ্ঘিত হয়েছে।’
তারা বলেছেন, পুলিশ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমালিপ্ত করার দায়ে জেএনইউ প্রশাসন, বিশেষত ভিসি জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।








