উত্তর কোরীয় নেতা কিম জং উনের জন্মদিন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং-এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে, আলোচনায় ফেরার জন্য কেবল শীর্ষ নেতাদের সম্পর্কই যথেষ্ট নয়।
উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে গত দুই বছর কয়েক দফায় ওয়াশিংটন ও পিয়ংইয়ং আলোচনায় বসলেও তা ব্যর্থ হয়। এ নিয়ে কূটনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়লেও আপাতত ওই আলোচনা স্থগিত আছে। সম্প্রতি কিম জং উন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটন শত্রুতার নীতি অব্যাহত রাখলে এ অঞ্চলে কোনও পরমাণু নিরস্ত্রীকরণ হবে না।
শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কিম কিয়ে গন এক বিবৃতিতে বলেন, কিম জং উন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে পছন্দ করলেও তিনি ব্যক্তিগত সম্পর্কের মাপকাঠিতে দেশ পরিচালনা করেন না। তিনি বলেন, ‘দেড় বছরেরও বেশি সময় ধরে আলোচনায় আটকে থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা প্রতারিত হয়েছি আর সেটা আমাদের জন্য ছিলো সময়ের অপচয়।’ গত বছরের ফেব্রুয়ারিতে হ্যানয়ের আলোচনায় ট্রাম্প যেসব প্রস্তাব দিয়েছেন সেসব নিয়ে উত্তর কোরিয়া কোনও আলোচনা করবে না বলেও জানান তিনি।
কিম কিয়ে গন বলেন, আংশিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি বাতিল করবে না। আর কেবলমাত্র যুক্তরাষ্ট্র তা অনুমোদন করলেই আলোচনায় ফিরবে পিয়ংইয়ং। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনা শুরু হতে পারে কেবল পূর্ববর্তী আলোচকদের উত্থাপিত ইস্যুতে চূড়ান্ত চুক্তির শর্তে। কিন্তু আমরা ভালো করেই জানি যুক্তরাষ্ট্র তা করতে প্রস্তুতও নয় আর তা করতেও চায় না।’








