লিবিয়ার চলমান সংকট নিরসনে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইতালির রাজধানী রোমে এক বৈঠক আয়োজিত হয়েছে।
এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেনতিলোনি যোগ দেবেন। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রতিনিধিসহ জাতিসংঘের দূত মারটিন কবলারও এই বৈঠকে যোগ দেবেন।
ত্রিপোলি ও পূর্বাঞ্চলে লিবিয়া সরকারের দুইটি বিরোধী অংশ রয়েছে। তবে লিবিয়ার সিরতে নগরী ইসলামিক স্টেটের অধীনস্ত হয়ে পড়ায় সংকট বেড়ে চলছে বলেই ধারণা করা হচ্ছে।
এই বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকারের বিভিন্ন বিভাজিত গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা।
জাতিসংঘে লিবিয়ার দূত মারটিন কবলার বলেন, ‘লিবিয়ার সংকট মোকাবেলায় সরকারের বিভিন্ন অংশের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।’
প্রসঙ্গত, কয়েক মাসের জোর আলোচনার পর মিলিশিয়া গোষ্ঠী পরিচালিত সরকার আগামী ১৬ ডিসেম্বর তিউনিসে এক যৌথ সরকার গঠনে চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে। রোমের এই বৈঠক এই চুক্তি সাক্ষরের পথ সুগম করবে বলেই ধারণা করা হচ্ছে। সূত্রঃ বিবিসি
/ইউআর/বিএ/








