ফের দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শনিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় এমনটাই আভাস মিলেছে।
বিভিন্ন টিভি চ্যানেলের বুথ ফেরত সমীক্ষার প্রায় সবকটিতেই এগিয়ে রয়েছেন কেজরিওয়াল। দ্বিতীয় অবস্থানে রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি-র দল বিজেপি। গতবারের মতো এবারও ভারতের রাজধানীতে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে রয়েছে কংগ্রেস।
এ ধরনের সমীক্ষা অবশ্য কখনও চূড়ান্ত ফল নির্দেশ করে না। বহু সময় বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। তবু, সাধারণ প্রবণতা হিসেবে এ ধরনের সমীক্ষা স্বীকৃত।
টাইমস নাউ-এর সমীক্ষায় দেখা গেছে, ৭০টি আসনের মধ্যে ৪৪টিতে জয়ী হতে পারে আম আদমি পার্টি। বিজেপি পেতে পারে ২৬টি আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে কেজরিওয়ালের দল। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন।
সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা গিয়েছে, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। ২৪-২৮টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।
রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। তাদের সমীক্ষা বলছে, ৪৮-৬১টি আসন পেতে পারে কেজরিওয়ালের দল। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে একটি আসন।
ইন্ডিয়া টিভি-র সমীক্ষায় ৪৪টি আসন পেয়ে বিজেপির থেকে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। তাদের সমীক্ষা বলছে, বিজেপি ২৬টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় ৪৪-৬৩টি আসন পেয়ে এগিয়ে কেজরিওয়ালের দল। বিজেপি পেতে পারে ৫-১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে ০-৪টি আসন যেতে পারে।
ইন্ডিয়া টুডে-র সমীক্ষা বলছে, কেজরিওয়ালের দল ৫৯-৬৮ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২-১১ টি আসন। সূত্র: আনন্দবাজার।








