তুরস্কের একটি নৌকার উদ্দেশে হুঁশিয়ারি গোলা নিক্ষেপ করেছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। এজিয়ান সাগরে এই গোলা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী।
রাশিয়ান নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, সংঘর্ষ এড়াতে রাশিয়া ছোট আকারের গুলি নিক্ষেপ করে সতর্কতা জানালে তুরস্কের ওই নৌকা প্রায় ৬শ মিটার দূর থেকে তার জবাব দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ার যুদ্ধজাহাজ স্মেতলিভির নাবিকদের উপর্যুপরি প্রচেষ্টার পরও তুরস্কের ওই নৌকার আরোহীরা কোন প্রকার বেতার যোগাযোগ করেনি। এমনকি দৃশ্যমান আলোর ইঙ্গিতেরও কোনও জবাব দেয়নি তারা।’
এ ঘটনায় মস্কোয় তুরস্কের সামরিক দূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
গত ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমায় তুরস্ক একটি রুশ বোমারু বিমান ভূপাতিত করার পর রাশিয়া ও তুরস্কের মধ্যে যে টানাপড়েন শুরু হয়, এ ঘটনায় সেই উত্তেজনা আরও বেড়ে গেল। সূত্রঃ বিবিসি
/ইউআর/বিএ/








