ফের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ১৬ ফ্রেব্রুয়ারি রবিবার শপথ নিচ্ছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে শপথ নেওয়ার কথা রয়েছে তার। তবে নতুন করে শপথ নিলেও অপরিবর্তিত থাকছে কেজরিওয়ালের মন্ত্রিসভা। বুধবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মঙ্গলবার দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল জয় পায় আম আদমি পার্টি (আপ)। কেজরিওয়ালের নেতৃত্বে এ নিয়ে পরপর তিনবার ভারতের রাজধানী শহরে জয় পেলো দলটি।
বুধবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সঙ্গে সাক্ষাৎ করেন আপ প্রধান। এবার রাজ্যের বিধানসভায় ৭০ আসনের মধ্যে ৬২ টিতে জয় পায় আম আদমি পার্টি। ফলে তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
২০১৫ সালের চেয়ে এবার অবশ্য কিছুটা কম আসন পেয়েছে আপ। গতবার তারা পেয়েছিল ৬৭টি আসন, সেখানে এবার পেয়েছে ৬২টি। ২৭০ জন এমপি, ৭০ জন মন্ত্রীসহ দলের অন্যান্য নেতাদের দিয়ে প্রচার চালিয়েও মাত্র আটটি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে গতবারের চেয়ে ভালো ফল করেছে তারা। গতবার বিজেপি দিল্লিতে পেয়েছিল তিনটি আসন।
বিদ্যুৎ ও পানি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের মতো বিষয়গুলোতে জোর দিয়ে ওই সব ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। অনেকেই বলছেন, তার এই কাজই মন জিতেছে দিল্লির জনতার। যার ফলে জনগণ ফের আম আদমি পার্টিকে পুনর্নির্বাচিত করেছে।
বুধবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে গিয়ে প্রায় ১৫ মিনিট ধরে বৈঠক করেন কেজরিওয়াল। সূত্র জানিয়েছে, এই সপ্তাহের শেষদিকে শপথ অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে।
মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের পর কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টির জয় আসলে দেশের নয়া রাজনীতির পক্ষে জয়। দিল্লির মানুষের বার্তা, তারা স্কুল, মহল্লা ক্লিনিক, ২৪ ঘণ্টা বিদ্যুৎ এবং বিনামূল্যে পানির পক্ষে ভোট দেবেন। এটা দেশের জন্য বড় বার্তা।








