
মার্কিন গোপন নথি ফাঁস ও সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন। ইকুয়েডরের লন্ডন দূতাবাসে সুইডিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। সোমবার বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে ২০১০ সালে দুই সুইডিশ নারীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ব্যাপারেই সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডিশ কর্তৃপক্ষের হেফাজতে দেওয়া হলে দেশটি তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। এ জন্য তিনবছর ধরে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন।
বিবিসির খবরে বলা হয়, ছয় মাস ধরে চলা আলোচনার পর অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে ইকুয়েডরের সঙ্গে একটি চুক্তি করেছে সুইডেন। খুব শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তার আন্তর্জাতিক আইনজীবী দলের সমন্বয়ক বাল্টাসার গার্জন জানান, সুইডেন ও যুক্তরাজ্যের উচিত অ্যাসাঞ্জের অধিকারগুলোর প্রতি সম্মান দেখানো। এখন পর্যন্ত দেশগুলো তা করতে ব্যর্থ হয়েছে।
গার্জন আরও জানান, অ্যাসাঞ্জের দাবি, ইকুয়েডরের দেওয়া রাজনৈতিক আশ্রয়সহ তার মৌলিক অধিকারগুলো স্বীকার করে সেগুলোর প্রতি যেন সম্মান দেখানো হয়।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক গোপন নথি ফাঁস করে সারা বিশ্বে হইচই ফেলে দেয় উইকিলিকস।
/এএ/








