ভারতের দিল্লি ও তেলেঙ্গানায় নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুইজন। সোমবার (২ মার্চ) এক টুইট বার্তায় দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে দেশটির কেরালা রাজ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে সেরে ওঠার পর তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে যিনি আক্রান্ত হয়েছেন, তিনি সম্প্রতি ইতালি সফর করেছেন। আর তেলেঙ্গানা রাজ্যের আক্রান্ত ব্যক্তি দুবাই সফর করেছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাদের সফর সংক্রান্ত তথ্য অনুসন্ধান করা হচ্ছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে চীন থেকে ফেরত যাওয়া ভারতীয়দের ক্যাম্পে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এর আগে সেখানে ফিরে যাওয়া ব্যক্তিদের কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর কয়েকদিন আগে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস। দুই মাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।








