পাকিস্তানের করাচিতে একটি আবাসিক ভবন ধসে কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। বৃহস্পতিবার (৫ মার্চ) করাচির ওই শহরের গুলবাহার এলাকায় ওই দুর্ঘটনায় তারা হতাহত হন। স্থানীয় মেয়র ওয়াসিম আক্তারের বরাতে এ খবর জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
স্বাস্থ্য বিভাগের চিকিৎসক সালমা কাউসার জানিয়েছেন, আহতদের আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজনকে হাড় বিশেষজ্ঞ এবং অপারেশন বিভাগে পাঠানো হয়েছে।
আর মেয়র ওয়াসিম আক্তার জানিয়েছেন, বাণিজ্যিক রাজধানী করাচির ওই পাঁচ তলা ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।
দেশটির সংবাদমাধ্যম ডনের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর সহায়তায় ধ্বংসস্তুপ থেকে মরদেহগুলো বের করছেন উদ্ধারকর্মীরা। এবং সেখান থেকে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।
পাকিস্তানে প্রায় ভবন ধসের ঘটনা ঘটে। দুর্বল অবকাঠামো ও নির্মাণের মান বজায় না রাখার কারণে সেখানে প্রায় এসব দুর্ঘটনা ঘটে।








