
পাকিস্তানের কোরাম উপত্যকায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনের দাঁড়িয়েছে। রবিবার কোরাম উপত্যকার রাজধানী পারাচিনগরের এক কাপড়ের মার্কেটে এই বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক। তবে সরকারিভাবে নিহতের সংখ্যা ১৯ বলে দাবি করে জানানো হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তানের সংবাদ ডনের খবরে বিষয়টি জানা গেছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। উভয় সংগঠনই দাবি করেছে, শিয়া মুসলিমদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে নিরাপত্তা সূত্র।
লস্কর-ই-জঙ্গি (এলইজে) নামে ওই সংগঠনের মুখপাত্র আলি বিন সুফিয়ান ফোনে রয়টার্সকে জানান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টের দ্বারা মুসলমানদের হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইসলামিক এস্টেটের (আইএস) আদর্শের সঙ্গে এ সংগঠনটির মিল রয়েছে।
হামলার দায় স্বীকার করা অপর সংগঠনটি হচ্ছে আনসারুল মুজাহেদিন। এ সংগঠনটি দক্ষিণ ওয়াজিরিস্তানভিত্তিক।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য কোরাম উপত্যকার সঙ্গে আফগানিস্তানের তিনটি প্রদেশের সীমান্ত রয়েছে। এই অঞ্চল সন্ত্রাসবাদ প্রভাবিত।
/এএ/








