সম্প্রতি করোনা আক্রান্ত দেশ থেকে ভারতের অন্ধ্র প্রদেশে ফিরেছে ৬৬৬ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এদের মধ্যে ৫৬৪ জনকে পর্যবেক্ষণের আওতায় নেওয়া হলেও বাকি ১০২ জনের খোঁজ মিলছে না। এই তথ্য ছড়িয়ে পড়তেই অন্ধ্রে করোনা আতঙ্ক জেঁকে বসেছে।
করোনা ভাইরাসে এখন পর্যন্ত ভারতে আক্রান্ত হয়েছে ৮৩ জন। দেশটিতে এই ভাইরাসের কবলে পড়ে নিহত হয়েছে দুই জন। আর পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে দশ জন।
করোনা রুখতে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে অন্ধ্র প্রদেশের সরকার। সম্প্রতি আক্রান্ত দেশ থেকে ভারতে আসা ৬৬৬ জনের মধ্যে ২৩৩ জনকে সুস্থ বিবেচনা করে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ২৮ দিন তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। বাকিদের মধ্যে ৩৩১ জনকে এখনও বিচ্ছিন্ন (আইসোলেশন) করে রাখা হয়েছে। এদের মধ্যে ১২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা রয়েছে নিজ নিজ বাড়িতে। অবশিষ্ট ১০২ জন কোথায় আছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্ধ্র প্রদেশের স্পেশাল চিফ সেক্রেটারি (স্বাস্থ্য) কেএস জওয়াহার রেড্ডি বলেন, করোনা আক্রান্ত দেশ থেকে রাজ্যে ফেরা একশ’রও বেশি মানুষের অবস্থান জানা যাচ্ছে না। তাদের অবস্থান শনাক্তে অন্য দফতরের কর্মকর্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব ব্যক্তির কোনও ফোন নম্বর বা ঠিকানা নথিবদ্ধ নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। রেড্ডি জানান, স্বেচ্ছাসেবকদের বাড়ি বাড়ি পাঠিয়ে ১০ ফেব্রুয়ারির পর রাজ্যে ফেরা ব্যক্তিদের অবস্থান জানার চেষ্টা চলছে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, করোনার আতঙ্কে এখন ত্রস্ত রাজ্যের সবাই। এই নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক আরও জেঁকে বসেছে।








