পাকিস্তানের করাচিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই মিলিটারি পুলিশ নিহত হয়েছে। মঙ্গলবার করাচির এমএ জিন্নাহ রোডের গুল প্লাজায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে হামলা চালায়। রাস্তায় দাঁড়ানো মিলিটারি পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে তারা। এসময় গাড়িতে ৪জন সদস্য ছিলেন।
পুলিশের সহকারী মহাপরিদর্শক মুশতাক মেহের এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে দুই মিলিটারি পুলিশ আহত হন। গাড়ির পাশ থেকেই গুলি করা হয়। হামলায় নাইনএমএম পিস্তল ব্যবহার করে হামলাকারীরা।
করাচির এক পুলিশ কর্মকর্তা জানান, তিব্বত সেন্টারের কাছাকাছি আসার পর মিলিটারি পুলিশদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুই পুলিশ গুরুতর আহত হন। পিএনএস শিফা হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান ও তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী কায়েম আলি শাহ প্রদেশের পুলিশ মহাপরিদর্শককে ঘটনার রিপোর্ট দিতে বলেছেন। সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন।
/এএ/বিএ/








