করোনাভাইরাস মোকাবিলায় সীমান্ত বন্ধ রাখার মেয়াদ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। এর আগে গত ১৬ মার্চ দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। পরে এর মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। সর্বশেষ ১৩ এপ্রিল দ্বিতীয় দফায় এর মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রতিবেশী ভারত, চীন, আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেই সিদ্ধান্তের মেয়াদ বাড়ানো হয়েছে।
সাধারণভাবে সীমান্ত বন্ধ থাকলেও মালবাহী ট্রাকের জন্য সপ্তাহে দুই দিন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার প্রধান দুইটি ক্রসিং উন্মুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত পাঁচ হাজার ৭০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে।








