২০১৮ সালের মধ্যে তুরস্কে গ্যাস রফতানি করবে ইরাকি কুর্দিস্তান। এরইমধ্যে এর কারিগরি কাজ শুরু হয়েছে। ২০১৭ সালের মধ্যে পাইপলাইন নির্মাণের কাজ শেষ হবে। সোমবার ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান আঞ্চলিক সরকারের জ্বালানি কমিটির প্রধান শের্কো জাওয়াত এ তথ্য জানান।
শের্কো জাওয়াত তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, রাশিয়ার মতো কুর্দিস্তানও তুরস্ক ও ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে।
তিনি বলেন, এ বিষয়ে আমাদের কৌশলগত পরিকল্পনা রয়েছে। এটা এ অঞ্চলের জন্য একটা সুবর্ণ সুযোগ।
ঠিক কি পরিমাণ গ্যাস তুরস্কে রফতানি করা হবে তা অবশ্য জানানো হয়নি। শের্কো জাওয়াত বলেন, এ সংক্রান্ত কারিগরি কমিটি তাদের কাজ শেষ করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে তুরস্কে দৈনিক ছয় লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করে কুর্দিস্তান। এর পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ২০১৬ সাল নাগাদ হয়তো এটা দৈনিক ১০ লাখ ব্যারেলে পৌঁছাবে। সূত্র: মিডলইস্ট মনিটর।
/এমপি/








