সন্ত্রাসবাদ মোকাবেলায় ৩৪টি মুসলিম দেশের সামরিক জোটে নিজ দেশের অন্তর্ভুক্তির খবরে বিস্ময় প্রকাশ করেছে পাকিস্তান। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির খবরে সন্ত্রাসবাদ মোকাবেলায় এই সামরিক জোট গঠনের কথা বলা হয়। জোটের এক যৌথবিবৃতির বরাত দিয়ে তারা জানায়, সব ধরনের সন্ত্রাসী গ্রুপ ও সংগঠনের হাত থেকে মুসলমানদের রক্ষা করতেই এই জোট গঠন করা হয়েছে। রিয়াদ থেকে জোটের সামরিক অভিযান পরিচালনা ও সমন্বয় করা হবে।
জোটে পাকিস্তানের নাম থাকার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইজাজ চৌধুরী। তিনি জানান, সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তানকে জোটের অংশ হিসেবে উল্লেখ করার ঘটনায় তিনি বিস্মিত। রিয়াদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তিনি এ বিষয়ে স্পষ্ট তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন।
অন্য এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, জোটে অন্তর্ভুক্তির ঘোষণার আগে পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়নি।
সৌদি সামরিক জোটে বিনা অনুমতিতে পাকিস্তানের নাম ব্যবহার অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ইয়েমেনে সৌদি অভিযানের সময়ও একইরকম ঘটনা ঘটেছিল। ওই জোটের মিডিয়া সেন্টারেও পাকিস্তানি পতাকা প্রদর্শন করা হয়। পরে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইয়েমেন যুদ্ধে নিজ দেশের অংশগ্রহণের খবর নাকচ করে দেওয়া হয়।
পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ছাড়া দেশের বাইরে অন্য কোথাও তারা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করবে না। আইএস-বিরোধী লড়াইয়ে অংশ নিতে এর আগে দুইবার যুক্তরাষ্ট্রের অনুরোধও উপেক্ষা করে ইসলামাবাদ। সূত্র: ডন।
/এমপি/এএইচ/








