সীমান্ত বিরোধ নিরসনে ভারতকে আলোচনার প্রস্তাব দিয়ে উত্তরের অপেক্ষায় রয়েছে নেপাল। মঙ্গলবার মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়াল জানিয়েছেন, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে ভারতকে আলোচনার অনুরোধ জানানোর পর গত মে মাসে আবারও নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা সবসময়ে বলে এসেছি আর এখনও বলছি আলোচনার মাধ্যমে বিরোধ নিরসন চায় নেপাল।’
সম্প্রতি হিমালয়ের লিপুলেখ পাস এলাকায় ভারত রাস্তা নির্মাণের উদ্যোগ নিলে দেশটির সঙ্গে কূটনৈতিক বিরোধে জড়ায় নেপাল। বিতর্কিত সেই ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় নেপালের মন্ত্রিসভা। ওই মানচিত্র কার্যকরে গত ২২ মে পার্লামেন্টে সংবিধানে সংশোধনীর প্রস্তাব তোলে নেপালের সরকার। বর্তমানে সেই বিলটি নিয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা চলছে।
মঙ্গলবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়াল বলেন, ‘আমরা আনুষ্ঠানিক আলোচনার অপেক্ষায় আছি.. যাতে দুই দেশের আশাবাদী সম্পর্কের মধ্য দিয়ে খুবই অনন্য একটি সহযোগিতা গঠন করা যায় যাতে ২১ শতকের প্রয়োজনীয়তা প্রতিফলিত হবে।’
উল্লেখ্য, চীনের তিব্বত অঞ্চল এবং ভারতের উত্তরাখণ্ডের সীমানায় হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লিপুলেখ পাস। এর দক্ষিণাঞ্চল নিজেদের বলে দাবি করে থাকে নেপাল। কালাপানি নামে পরিচিত ওই এলাকা নিয়ন্ত্রণ করে ভারত। হিমালয়ের ১৭ হাজার ফুট উচ্চতায় সম্প্রতি ৮০ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণের উদ্বোধন কাজ করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১৮১৬ সালের এক চুক্তির অধীনে লিপুলেখ পাসের অংশ বিশেষ দাবি করে থাকে নেপাল।








