জরুরি অবস্থা চলাকালে দেশজুড়ে পুলিশি অভিযানের অংশ হিসেবে ১৬০টি মসজিদ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির একজন প্রধান ইমামের বরাতে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আঞ্চলিক এবং স্থানীয় ইমামদের নিয়োগ দিয়ে থাকেন, এমন একজন প্রধান ইমাম হাসান আল আলাউয়ি বুধবার আল জাজিরাকে জানান, রাজধানী প্যারিসে নভেম্বরের হামলার পর এরইমধ্যে ৩টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।
'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা সাপেক্ষে ১০০ থেকে ১৬০টি মসজিদ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা এগুলো অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালিত হয়।' এই মসজিদগুলো থেকে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করা হয় বলেও জানিয়েছেন তিনি।
ইমাম হাসান আল আলাউয়ি মনে করেন, ফরাসি সরকার আইনগতভাবেই মসজিদগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সে সবমিলে ২৬০০ মসজিদ আছে বলে জানিয়েছেন তিনি।
নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়। ঘটনার পর দেশটিতে জারি করা হয় জরুরি অবস্থা। হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় সু্ন্নিপন্থি সশস্ত্র সংগঠন আইএস।
/বিএ/








