চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেছেন, সীমান্তে ভারতের সঙ্গে আর সংঘাত চায় না চীন। সোমবার রাতে লাদাখে দুই দেশের সেনাদের সংঘর্ঘে অন্তত ২৩ ভারতীয় জওয়ান নিহতের পর বুধবার এমন মন্তব্য করলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
জাও লিজিয়ান বলেন, উভয় দেশই আলোচনার মাধ্যমে বিদ্যমান অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে।
সংঘাতের জন্য চীনকে দোষারোপ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
সোমবার রাতের ওই সংঘর্ষে অন্তত ২৩ ভারতীয় জওয়ান নিহত হয়। গুরুতর আহত হয় দেশটির অন্তত ১১০ জন জওয়ান। এ ঘটনায় রাতেই সেনাপ্রধান ও সিনিয়র মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, ১৫ জুন সোমবার গভীর রাতে লাদাখের সুউচ্চ পর্বতমালায় গালওয়ান নদীর পূর্ব পার ধরে প্যাট্রোলিংয়ে বেরিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর বিহার রেজিমেন্টের একটি প্যাট্রোল পার্টি। এক পর্যায়ে তাদের সঙ্গে চীনা সেনাদের তীব্র সংঘাত হয়। ওই সংঘাতের জেরেই প্রাণহানির ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর একজন আহত জওয়ান বলেন, মাঝরাতে প্যাট্রোলিংয়ের সময় বিহার রেজিমেন্ট দেখতে পায় গালওয়ান নদীর পশ্চিম প্রান্তে লাইন অব কন্ট্রোল পার করে প্যাট্রোল পয়েন্ট ১৪-তে তাঁবু তৈরি করেছে চীনের পিপলস আর্মি। দিল্লির দাবি অনুযায়ী, ওই এলাকাটি ভারতের। ফলে প্যাট্রোল পার্টি দ্রুত সেখানে পৌঁছায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বিতণ্ডার সূত্রপাত হয়।








