কয়েকটি বিষয় অমীমাংসিত রেখে জাতিসংঘের জলবায়ু চুক্তির খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছেন ১৯৫ টি দেশের শীর্ষ কর্মকর্তারা। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ ও উন্নয়নশীল দেশের জন্য জলবায়ু তহবিল বাড়ানোর বিষয়ে রূপরেখা তুলে ধরা খসড়াটি আগামী সপ্তাহে মন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হবে।
শনিবার প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২১-এ খসড়া প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, দীর্ঘ চার বছর আলোচনার পর ৪৮ পৃষ্ঠার ওই খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়। ২০১১ সালে ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই চুক্তির প্রাথমিক কাজ শুরু হয়। খসড়া প্রস্তাবে এখনও অনেক বিষয় অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে বলে মনে করে অনেক দেশ।
ফ্রান্সের জলবায়ু বিষয়ক দূত লরেন্স তুবিয়ানা জানান, এখনও কোনও বিষয়ে সিদ্ধান্ত হয়নি এবং কোনও কিছুই বাদ দেওয়া হবে না। এই প্রস্তাব একটি চুক্তিতে উপনীত হওয়া সবার সদিচ্ছার প্রতীক। চূড়ান্ত হওয়ার পথে এখনও অনেক কিছু বাকি। অনেক বড় বড় রাজনৈতিক ইস্যুতে এখনও একমত হতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে।
আগামী সপ্তাহে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য কীভাবে জলবায়ু তহবিল সংগ্রহ করা হবে তা নিয়ে আলোচনার কথা রয়েছে।
৩০ নভেম্বর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হওয়া এ জলবায়ু সম্মেলন চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
/এএ/








