শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জম্মু-কাশ্মির ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক করল ভারত ও পাকিস্তান। রোববার থাইল্যান্ডের ব্যাংককে গোপন এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
গত সপ্তাহে প্যারিসে জলবায়ু সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে সমঝোতা হওয়ার প্রেক্ষিতে রোববারের বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুদেশের জন্য উপযোগী বিবেচনায় ব্যাংকককে বৈঠকের স্থান হিসেবে বেছে নেয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।
এক যৌথ বিবৃতিতে বলা হয়, দুদেশের পররাষ্ট্র সচিবরা বৈঠকে অংশ নিয়েছিলেন। সেসময় তাদের মধ্যে শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ, জম্মু-কাশ্মির, লাইন অব কন্ট্রোলসহ বেশ কিছু দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
সূত্রের বরাতে এনডিটিভি জানায়, চার ঘণ্টা ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে এ ধরনের বৈঠক আরও হবে। সূত্র: এনডিটিভি, ডন
/এফইউ/








