ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৩১০ জন। এটিই এখন পর্যন্ত সেদেশে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা। এছাড়া ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৪০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৬০২ জন। শুক্রবার (২৪ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সেদেশের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য জানিয়েছে।
ভারতে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘণ্টার রেকর্ড। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে ২৪ জুলাই শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে ভারতে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬০১ জনের।
এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ৮ লাখ ১৭ হাজার ২০৯ জন। ভারতে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ১৩৫ জন। দেশটিতে সুস্থতার হার ৬৩.৪৫ শতাংশ। আর মৃত্যুহার ২.৩৮ শতাংশ।
ভারতের রাজ্যগুলোর মধ্যে কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৫০২। সংক্রমণে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৪ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ২৫৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৯৬৪ জন।
তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৬৪। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৭৪৫ জনের।








