চিকিৎসায় সাড়া দিচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে তার শারীরিক অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। সোমবার আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রণবের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে টুইট করে তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘গত রাতে হাসপাতালে বাবাকে দেখে এসেছি। ভগবানের আশীর্বাদ ও আপনাদের সবার শুভ কামনায় বাবা আগের চেয়ে ভালো আছেন। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শিগগিরই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।’
গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির আর্মি হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। অস্ত্রোপচারের পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়।
উল্লেখ্য, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত। এর আগে বিভিন্ন সময়ে তিনি দেশটির অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বোর্ডেও দায়িত্ব পালন করেন প্রণব। সূত্র: জি নিউজ।








