ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার ‘সামান্য উন্নতি’ হয়েছে। বৃহস্পতিবার সেনা হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে এখনও তিনি ভেন্টিলেটরেই রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ইন্ডিয়ার আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল হসপিটাল বৃহস্পতিবার মেডিক্যাল বুলেটিনে প্রণবের স্বাস্থ্য পরিস্থিতির কথা জানিয়েছে। তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিনিয়ত তাকে নজরদারিতে রাখছেন।
গত ১০ আগস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পরপরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপরই গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।
বুধবার সকালে প্রণবের শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। টুইটে তিনি জানান, 'আপনাদের শুভেচ্ছা এবং চিকিৎসকদের চেষ্টায় বাবা এখন স্থিতিশীল। ওঁর শারীরিক অবস্থাও (ভাইটাল প্যারামিটার্স) নিয়ন্ত্রিত রয়েছে। বাবার সুস্থতা কামনার জন্য প্রার্থনা করতে আবেদন করবো সবাইকে।'
তবে সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বুধবার জানানো হয়, আবারও প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতিকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে এবং তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।








