যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ‘আলোর সঙ্গে অন্ধকারের লড়াই’ হিসেবে চিত্রিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বৃহস্পতিবার রাতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘দীর্ঘ সময় ধরে অন্ধকারে ঢেকে রেখেছেন’।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ডেলাওয়্যারে অঙ্গরাজ্যের উইলমিংটনের চেজ সেন্টার থেকে দেওয়া বক্তৃতায় ৭৭ বছর বয়সী এ রাজনীতিবিদ এসব কথা বলেছেন।
‘কথা দিচ্ছি, আপনারা যদি প্রেসিডেন্ট হিসেবে আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের জন্য সেরাটা নিয়ে আসবো, নিকৃষ্ট কিছু নয়। আমি আলোর বন্ধু হবো, অন্ধকারের নয়। এটা আমাদের সময়, জনগণের। একত্রিত হওয়ার এবং কোনও ভুল না করার। ঐক্যবদ্ধভাবে আমরা যুক্তরাষ্ট্রকে অন্ধকারাচ্ছন্ন সময় থেকে বের করে আনতে পারি, পারবো,’ বলেছেন বাইডেন।
সম্মেলনের শেষদিন দলীয় মনোনয়ন গ্রহণ করে বাইডেন মার্কিন ভোটারদেরকে ‘ভীতির পরিবর্তে আশা, কল্পকাহিনীর পরিবর্তে সত্য এবং বিশেষ সুবিধার বদলে ন্যায্যতা’কে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘আমরা আক্রমণাত্মক, কম আশা ও বেশি বিভক্তি সম্পন্ন এবং ছায়া-সন্দেহের পথ বেছে নিতে পারি। আবার ভিন্ন একটা পথও বেছে নিতে পারি আমরা; নিতে পারি ঐক্যবদ্ধ হওয়ার, সংস্কার করার ও (ক্ষত) সারিয়ে তোলার সুযোগ। বেছে নিতে পারি ভরসা ও আলোর পথ।’
‘এটি হতে যাচ্ছে জীবন বদলে দেওয়া এক নির্বাচন। সামনের সুদীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের চেহারা-ছবি কেমন হবে, এই নির্বাচনই তা ঠিক করবে,’ বলেছেন সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে থাকা বাইডেন। ‘এই প্রেসিডেন্ট সম্বন্ধে আমরা যা জেনেছি, তাতে তাকে আরও চার বছর সময় দিলেও তিনি তাই করবেন, যা এই চার বছর ধরে তিনি যা করছেন। তিনি এমন একজন প্রেসিডেন্ট যিনি দায়িত্ব নেন না, নেতৃত্ব দিতে নারাজ, অন্যের দোষ খুঁজে বেড়ান, স্বৈরশাসকদের খুশি করেন এবং ঘৃণা ও বিভক্তির আগুন উসকে দেন’, বলেন বাইডেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জনমত জরিপে ডেমোক্র্যাটরা খানিকটা এগিয়ে থাকলেও নির্বাচনের এখনও প্রায় আড়াই মাস বাকি। যে কারণে রিপাবলিকান ট্রাম্পের সামনেও হিসাব ওলট-পালট করে দেওয়ার পর্যাপ্ত সময় আছে।








