সাইবেরিয়ার হাসপাতালে কোমায় থাকা রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনির শরীরে এখন পর্যন্ত কোনও বিষের অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করেছেন তাকে চিকিৎসা দেওয়া হাসপাতালটির উপপ্রধান। শুক্রবার (২১ আগস্ট) এক ব্রিফিংয়ে ডাক্তার আনাতোলি কালিনিশেনকো জানিয়েছেন, ইতোমধ্যে হাসপাতালের তরফ থেকে তার শারিরীক অবস্থার পূর্ণাঙ্গ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এর ফলাফল প্রকাশ করেননি তিনি। ওই ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভানলির ঘনিষ্ঠ সহযোগীরা অভিযোগ করেন চিকিৎসার প্রয়োজনে তাকে জার্মানিতে নেওয়ার অনুমতি দেয়নি ক্রেমলিন কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক নাভালনি বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে একটি ফ্লাইটে করে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন। এর আগে বিমানবন্দরের ক্যাফেতে তিনি চা গ্রহণ করেছিলেন। তার মুখপাত্র কিরা ইয়ারমাশ অভিযোগ করেন, চায়ের সঙ্গে মিশিয়ে তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করানো হয়। হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। ওমস্ক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম ফুসফুস ভেন্টিলেটরের সহায়তায় আলেক্সাই নাভালনি টিকে রয়েছেন বলে জানিয়েছেন ইয়ারমাশ। এমন অবস্থায় নাভালনিকে চিকিৎসা দিতে তাকে বার্লিনের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে জার্মান এনজিও ‘সিনেমা ফর পিস’। তাকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনাও দিয়ে ফেলে। এমন অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুরুতর অসুস্থ নাভালনিকে সরানো যাবে না।
নাভানলির স্ত্রী ইউলিয়া ও তার মুখপাত্র কিরা ইয়ারমাশের অভিযোগ ক্রেমলিনের চাপে ডাক্তাররা তাকে জার্মানিতে নিতে বাধা দিয়েছেন। সাইবেরিয়ার হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতি ছাড়াই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি করে তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে নাভানলির জীবন সংকটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।
এই অভিযোগের মধ্যে শুক্রবার সাইবেরিয়ার হাসপাতালটির উপপ্রধান আনাতোলি কালিনিশেনকো এক ব্রিফিংয়ে জানান, আলেক্সাই নাভানলির শরীরে বিষের কোনও অস্তিত্ব মেলেনি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত রক্ত ও মূত্রতে কোনও বিষ শনাক্ত করা যায়নি, এর উপস্থিতির কোনও চিহ্ন নেই।’ তার শারিরীক অবস্থার সামান্য উন্নতিও হয়েছে বলেও জানান তিনি।
এদিকে পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে নাভানলির ঘনিষ্ঠরা বলছেন, তার শরীরে অত্যন্ত মারাত্মক একটি পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এতে তার আশেপাশের সবার ওপরই ঝুঁকি তৈরি হয়েছে ফলে তাদেরকে সুরক্ষামূলক পোশাক পরতে বলা হয়েছে। নাভানলির ঘনিষ্ঠদের অভিযোগ ক্রেমলিন কর্তৃপক্ষ তাকে ইউরোপে পাঠানোর আগে সময় ক্ষেপণ করতে চাইছে যাতে তার শরীরে থাকা বিষাক্ত পদার্থটির অস্তিত্ব নিঃশেষ হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার ক্রেমলিনের তরফে বলা হয়, আলেক্সাই নাভানলিকে ইউরোপের কোনও ক্লিনিকে নেওয়ার অনুরোধ জানানো হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট চিকিৎসা কর্তৃপক্ষ। তার শারিরীক অবস্থার তথ্য প্রকাশের ব্যাপারেও তারাই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়।
তবে শুক্রবার সাইবেরিয়ার হাসপাতালের প্রধান চিকিৎসক আলেক্সান্ডার মুরাকোভস্কি বলেন নাভানলিকে ইউরোপীয় চিকিৎসকদের হাতে তুলে দেওয়ার আগে বেশ কিছু আইনি প্রশ্নের সমাধান হওয়ার দরকার। তিনি বলেন, নাভানলির চিকিৎসায় মস্কো থেকে শীর্ষ ডাক্তারদের উড়িয়ে আনা হয়েছে। তিনি বলেন, ‘ইউরোপের ডাক্তারদের চেয়ে মস্কোর ডাক্তাররা খারাপ নয়।’








