ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কিডনির অবস্থার উন্নতি হয়েছে। শনিবার দিল্লির সেনা হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এখন প্রণবের ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে। তবে এখনও গভীর কোমায় আচ্ছন্ন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
হাসপাতাল প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, ‘এখনও তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার শরীরের রক্ত সঞ্চালন স্থিতিশীল।’প্রণবের রক্তচাপ, হৃদপিণ্ড, পালস রেটও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রায় তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তার পর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ অগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার।
অস্ত্রোপচারের আগেই পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।








