মাতৃভাষায় শিক্ষার সুযোগ সীমিত করার প্রতিবাদে চীনের উত্তরাঞ্চলে বিক্ষোভ করেছে নৃতাত্ত্বিক মঙ্গোলীয় অধিবাসীরা। মঙ্গলবার থেকে চীন সরকারের নতুন নিয়ম কার্যকর হওয়ার প্রথম দিনে অনেক বাবা-মা সন্তানদের স্কুল থেকে ফিরিয়ে নিয়ে বিক্ষোভে যোগ দেন। এই নিয়ম অনুযায়ী দেশটির ইনার মঙ্গোলিয়া এলাকায় শিক্ষার্থীদের তিনটি মূল বিষয় বাধ্যতামূলক সরকারি মান্দারিন ভাষায় পড়তে হবে। তবে মঙ্গোলীয় বাসিন্দাদের অনেকেই মনে করেন, এটি তাদের সাংস্কৃতিক পরিচয়কে হুমকির মুখে ফেলবে। আর সে কারণেই কিছু দিন ধরে ওই এলাকায় চলছে বিক্ষোভ। চীন সরকারের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ বেশ বিরল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার চীনের ইনার মঙ্গোলিয়া এলাকার স্কুলগুলোতে শুরু হয়েছে নতুন সেমিস্টার। আর এই সেমিস্টার থেকেই রাজনীতি, ইতিহাস এবং ভাষা ও সাহিত্য—এ তিনটি বিষয় মঙ্গোলিয়া ভাষার পরিবর্তে মান্দারিনে পড়ানো হবে। ধীরে ধীরে এটি বাস্তবায়ন করার থাকলেও বিভিন্ন শহরে জড়ো হয়ে বেইজিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এক বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের স্লোগান দিতে শোনা যায়, ‘আমাদের ভাষা মঙ্গোলিয়ান, আমাদের জন্মভূমি মঙ্গোলিয়া, আমাদের মাতৃভাষার জন্য আমরা প্রাণ দেবো।’
এদিকে অসন্তোষের জেরে আবাসিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনও কমে গেছে। নাইমান এলাকার একটি স্কুলের কর্মকর্তারা জানান, সেমিস্টার শুরুর প্রথম দিনে যেখানে প্রায় এক হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে সেখানে এবারে এই সংখ্যা মাত্র ৪০ জন। পরে এদের মধ্যে ৩০ জন স্কুল ছেড়ে চলে যায়।
তবে শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে শিক্ষকদের বাড়ি বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে অভিভাবকেরা বলছেন, ভাষা বদলের কারণে নিজস্ব ভাষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন তারা।








