বিশ্বের একশ বিশ কোটি রোমান ক্যাথলিকের প্রতি ভোগবাদে আসক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা যীশুখ্রিষ্টের জন্মদিনকে সামনে রেখে বিশ্বের ক্যাথলিকদের প্রতি এই বাণী দিয়েছেন তিনি।
‘পণ্যবাদ, বিলাস, সম্পদ ও আড়ম্বরপূর্ণ’ এই বিশ্বের মানুষকে আরও জাগ্রত থাকতে হবে বলে মত প্রকাশ করেন পোপ।ক্রিসমাসের আগের রাতের মিডনাইট ম্যাস উৎসবে ভ্যাটিকানে প্রায় ১০ হাজার সমবেত ধর্মপ্রাণ খ্রিষ্টানের সামনে বক্তৃতা করার সময় তিনি এ কথা বলেন।
তিনি খ্রিষ্টানদের প্রতি যীশুখ্রিষ্টের সরলতা দিয়ে নিজেদের জীবনকে উজ্জীবিত করার আহ্বান জানান।তিনি বলেন, ‘খ্রিষ্টের মত স্বর্গীয় মানুষও একটি গবাদিপশুর ভোজনপাত্রে জন্ম নিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আমাদের জীবনযাপন পদ্ধতি হতে হবে নৈতিক, ধার্মিক। সহানুভূতি,সহমর্মিতা ও দয়ায় পূর্ণ।’
শুক্রবার সকালে তিনি সেন্ট পিটার’স স্কয়ারের বারান্দা থেকে ঐতিহ্যবাহী ধর্মীয় ভাষণ দেবেন।
প্রসঙ্গত, যীশুখ্রিষ্টের জন্ম হয় জেরুজালেমে, একটি গোশালায় গবাদিপশুর ভোজনপাত্রে, সন্ধ্যাবেলায়। তাই বড়দিনের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় বড়দিনের আগের সন্ধ্যায়। মধ্যরাতে পালিত হয় মিডনাইট মাস। সূত্রঃবিবিসি
/ইউআর/








