নাগরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সেনাদের সঙ্গে সংঘাত চলার মধ্যে চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আর্মেনিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে রাজধানী ইয়েরেভানের কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনগুলো ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। আর্মেনিয়ান সরকারের দাবি, ড্রোনগুলো আজারবাইজানের। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই বৈরী প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে উভয় দেশ। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অস্ত্রবিরতির আহ্বান জানানো হলেও দুই পক্ষের কেউই তাতে সাড়া দেয়নি।
শুক্রবার (২ অক্টোবর) ষষ্ঠ দিনের মতো লড়াই অব্যাহত রয়েছে। এদিন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এক টুইটার পোস্টে বলেন গেঘারকুনিক ও কোটায়াক প্রদেশে ড্রোনগুলো পৌঁছে গিয়েছিল। দেশের প্রতিরক্ষা বাহিনী সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুশান স্টেপানিয়ান জানান, ইয়েরেভান থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরের একটি শহরে এন্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে অন্তত একটি ড্রোন ভূপাতিত করা হয়।








