ধনী-গরিব নির্বিশেষে কোভিড-১৯ ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত কোভ্যাক্স জোটে যোগ দিয়েছে চীন। শুক্রবার (৯ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখন পর্যন্ত এ উদ্যোগকে সমর্থন জানানো সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কোভ্যাক্স-এর পূর্ণাঙ্গ রূপ হলো কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি। বিশ্ব স্বাস্থ্য সস্থা (ডব্লিউএইচও) ছাড়াও উদ্যোগটির সঙ্গে রয়েছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন ও দাতব্য সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)। এর লক্ষ্য হলো-কোভিড ১৯ ভ্যাকসিন মজুত করে না রেখে ধনী-গরিব নির্বিশেষে সর্বোচ্চ ঝুঁকির দেশগুলোতে তা বণ্টন করার জন্য বিভিন্ন দেশের সরকারকে উৎসাহিত করা।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং টুইটার পোস্টে জানান, তার দেশ কোভ্যাক্স জোটে যোগ দিচ্ছে। তিনি লিখেছেন, ‘গোটা বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই দৃঢ় পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।’
গোটা বিশ্বে ২০২১ সালের মধ্যে করোনা ভ্যাকসিনের অন্তত ২০০ কোটি ডোজ সরবরাহের লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত ১৭১ দেশ এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিযার কাছ থেকে এখনও সাড়া পাওয়া যায়নি।








