আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেয়হুন বায়রামভ বলেছেন, নাগরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার সঙ্গে যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছে তার মেয়াদ সাময়িক। যুদ্ধক্ষেত্র থেকে মরদেহ উদ্ধার করে দুই পক্ষের কাছে হস্তান্তর করতে রেড ক্রসের যে সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে এ অস্ত্রবিরতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আজেরি পররাষ্ট্রমন্ত্রী।
নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েক দিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টার কিছু সময় আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এখন আর্মেনিয়া ও আজারবাইজান পরবর্তী ‘ফলপ্রসূ’ আলোচনা শুরু করবে। শনিবার (১০ অক্টোবর) দুপুর থেকে সে যুদ্ধবিরতি কার্যকর হতে শুরু করলেও, এর কয়েক মিনিটের মাথায় পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনে দুই পক্ষ। আবার দুই দেশই নিজ নিজ পক্ষে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
এরইমধ্যে বাকুতে এক সংবাদ সম্মেলনে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন এ অস্ত্রবিরতি সাময়িক। তিনি অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলের এ ভূখণ্ডটিকে যে মর্যাদা দেওয়া হয়েছে তা তার দেশের সঙ্গে যায় না। ভবিষ্যতে আজারবাইজান আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নেবে বলে হুঁশিয়ার করেন তিনি।








