কোভিড-১৯ এর সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে ভুল ও মিথ্যা তথ্য প্রদানকারী ভিডিওগুলো মুছে ফেলার ঘোষণা দিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। মহামারি নিয়ে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্র তত্ত্বের বিরুদ্ধে চালু থাকা বিধি-নিষেধের আওতা বাড়িয়ে এ ঘোষণা দিয়েছে তারা। এক ব্লগ পোস্টে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক ভিডিও নিষিদ্ধ করছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে ১০ লাখেরও বেশি। এখন পর্যন্ত করোনাভাইরাসের বিরুদ্ধে অনুমোদিত কোনও ওষুধ বা ভ্যাকসিন বাজারে আসেনি। এ নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। আর তার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়তে দেখা গেছে। ভ্যাকসিনবিরোধীদের অনেকে ইউটিউবে ভিডিও পোস্ট করছেন আবার সে ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে।
ইউটিউব জানিয়েছে, যেসব ভিডিওতে করোনাভাইরাসের অস্তিত্ব ও সংক্রমণ নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে, জনগণকে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করা হয়েছে এবং সেলফ আইসোলেশন ও সামাজিক দূরত্ব সংক্রান্ত নির্দেশনাগুলো নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, সে ভিডিওগুলো এরইমধ্যে সরিয়ে নিয়েছে তারা। এছাড়া ভ্যাকসিন গ্রহণ করলে মানুষ মারা যাবে বা প্রজনন ক্ষমতা হারাবে কিংবা যে ভ্যাকসিন নিবে তার শরীরে মাইক্রো চিপ স্থাপন করা হবে- এমন মিথ্যা প্রচারণার ভিডিওগুলোও সরানো হচ্ছে।
ইউটিউবের মুখপাত্র রয়টার্সকে বলেন, যেসব ভিডিওতে ভ্যাকসিনবিষয়ক বিভিন্ন উদ্বেগ নিয়ে সাধারণ আলোচনা হয়েছে সে ভিডিওগুলো থাকবে।








