করোনা মোকাবিলায় ইতালিতে নতুন করে বিধিনিষেধ জারি করা হয়েছে। টানা পাঁচ দিন ধরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রবিবার প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে নতুন পদক্ষেপের ঘোষণা দেন।
নতুন নিয়মে রেস্টুরেন্টগুলোতে প্রতি টেবিলে মাত্র ছয় জনকে খাবার পরিবেশন করার অনুমতি দেওয়া হবে। জুয়া খেলা হয় এমন স্থানগুলো রাত ৯টার মধ্যে বন্ধ করে দিতে হবে। এছাড়া সব ধরনের স্থানীয় উৎসব উদযাপন নিষিদ্ধ করা হয়েছে।
বিভিন্ন শহরের মেয়রদের রাত ৯টার পর পাবলিক প্লেসগুলোতে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে।
জিম ও সুইমিং পুলগুলো অবশ্য খোলা থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে সুরক্ষা ব্যবস্থাগুলো অনুসরণে ব্যর্থ হলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।
গুইসেপ কন্টে বলেন, আরেকটি লকডাউন এড়াতেই বিধিনিষেধ জারি করা হয়েছে। কেননা দেশের অর্থনৈতিক কাঠামোর সাথে আপস করে আরও একটি লকডাউনের মুখোমুখি হওয়ার মতো অবস্থা ইতালির নেই।








