আত্মহত্যায় প্ররোচণার মামলায় ভারতের রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে অন্তর্বর্তী জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার তার জামিন আবেদন মঞ্জুর করেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও ইন্দিরা ব্যানার্জির দুই সদস্যের বেঞ্চ। এর আগে গত ৯ নভেম্বর বোম্বে হাইকোর্ট তার অন্তবর্তী জামিনের আবেদন খারিজ করে দেয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১৮ সালে এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তার মা-কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত বুধবার (৪ নভেম্বর) ভোরে অর্ণবকে মুম্বাইয়ে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তাদের সুইসাইড নোটে বলা হয়েছিল, অর্ণব গোস্বামী ৫ কোটি ৪০ লাখ টাকা শোধ না করায় তাদের আর্থিক অনটনে পড়তে হয়েছে। সেকারণেই তারা আত্মহত্যা করছেন। তারপরই অর্ণবের বিরুদ্ধে ঋণখেলাপি এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন ওই ইন্টেরিয়র ডিজাইনারের ছেলে। গ্রেফতারের প্রথমদিনেই দীর্ঘ ৬ ঘণ্টার শুনানির পর মহারাষ্ট্রের আলিবাগ আদালত অর্ণবকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। মধ্যরাতের ওই নির্দেশের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তোলা অর্ণবের নিপীড়নের অভিযোগও খারিজ করে দেয় আদালত।
বুধবার অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিন আবদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেছে, ‘সাংবিধানিক আদালত হিসেবে আমরা যদি আইন অনুসরণ এবং স্বাধীনতার সুরক্ষা না দেই তাহলে কে দেবে।’ তবে আদালতের আদেশে অর্ণবকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে বলা হয়েছে। এছাড়া ৫০ হাজার রুপির বন্ডে আগামী আগামী দুই দিনের মধ্যে তাকে মুক্তি দিতে বলা হয়েছে আদালতের আদেশে।
উপস্থাপনা ও প্রশ্নের আগ্রাসী ধরনের কারণে ভারতে ব্যাপক পরিচিত অর্ণব গোস্বামী। তবে সমালোচকদের দৃষ্টিতে তিনি ভারতের ডানপন্থী রাজনীতির প্রতি সহানুভূতিশীল। বলিউড অভিনেতা সুশান্ত রাজপুতের মৃত্যুর পর তিনি মুম্বাই পুলিশের কঠোর সমালোচনা করেন। মহারাষ্ট্রে শিব সেনার জোট সরকারেরও কঠোর সমালোচক তিনি।
আত্মহত্যায় প্ররোচণার মামলাটি দুই বছর আগেই প্রমাণের অভাবে বন্ধ করে দেয় মুম্বাই পুলিশ। তবে নিহতের পরিবারের অনুরোধে মামলাটি সম্প্রতি আবারও সচল করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।








