গত কয়েক মাসে সিরিয়া ও ইরাকে মার্কিন হামলায় কমপক্ষে ১০জন আইএস কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে যুক্তরাষ্ট্র জানায়। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র স্টিভ ওয়ারেন এ তথ্য জানিয়েছেন।
স্টিভ ওয়ারেন জানান, এসব হামলায় নিহতদের মধ্যে কয়েকজন প্যারিস হামলার সঙ্গে জড়িত ছিলেন। নিহতদের মধ্যে প্যারিস হামলায় জড়িত আবদেলহামিদ আবাউদের ঘনিষ্ট আইএসকমান্ডার সারাফ আল মউদানও রয়েছেন বলে দাবি তার। এছাড়া, বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ চিকিৎসকও মার্কিন হামলায় নিহত হয়েছেন। যদিও তার নাম পরিচয় জানায়নি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বাংলাদেশি বংশোদ্ভূত ওই ব্রিটিশ নাগরিকও আইএসের কমান্ডার ছিলেন।
স্টিভ ওয়ারেন বলেন, নিহতদের মধ্যে প্যারিস হামলায় জড়িত আরেকজন আছেন। তার নাম আব্দুল কাদের হাকিম। তিনি ইরাকের মসুলে নিহত হন।
উল্লেখ্য, সম্প্রতি ইরাক ও সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ করে বিমান হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী।
/এমআর/এমএনএইচ/








