উত্তর কোরিয়ার নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করতে আগামী জানুয়ারিতে কংগ্রেস অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল। পলিটব্যুরোর এই বৈঠকে সভাপতিত্ব করবেন দেশটির নেতা কিম জং উন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির বৈঠকের এজেন্ডা এবং উত্থাপন হতে যাওয়া প্রস্তাবগুলো মঙ্গলবার অনুমোদন পেয়েছে।
২০২০ সালে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে উত্তর কোরিয়া। করোনাভাইরাস মহামারিন ছাড়াও একাধিক টাইফুন আঘাত হেনেছে। এছাড়া পারমাণবিক কর্মসূচির জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক বিপর্যয় সামাল দেওয়ার কাজও অব্যাহত রাখতে হয়েছে।
চার বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির কংগ্রেস। আগামী মাসের শুরুতেই এই বৈঠক অনুষ্ঠানে সম্মত হয়েছে দলটি। তবে ঠিক কবে এই বৈঠক শুরু হবে তার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
গত অক্টোবরে কিম জং উন জানান কংগ্রেস শুরুর আগে তার দেশের প্রতিটি অর্থনৈতিক খাতের লক্ষ্য অর্জনে ৮০ দিনের বিশেষ কমূর্সচি পালনের ঘোষণা দেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘কংগ্রেসের সকল প্রস্তুতি নির্বিঘ্নে চলছে।’
সর্বশেষ ২০১৬ সালে সর্বশেষ ওয়ার্কাস পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১৯৮০’র দশকের পর প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেন কিম জং উন। আর প্রতিশ্রুতি দেন পারমাণবিক অস্ত্র দ্বারা যতক্ষণ পর্যন্ত না তাদের দেশের সার্বভৌমত্বকে হুমকি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।








