২০১৬ সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-সহ কয়েকটি দেশ। নিউজিল্যান্ডের এক ঘণ্টা আগে সামুয়া আর কিরিবাতিও নতুন বছরকে বরণ করে নিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১১টায় অকল্যান্ডের স্কাই টাওয়ারে বর্ণিল আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। স্কাই টাওয়ারের আনন্দ আয়োজনে অংশ নেয় প্রায় ২৫ হাজার মানুষ।
অকল্যান্ডবাসী রাস্তায় নেচে-গেয়ে এবং বর্ণিল আতশবাজি প্রত্যক্ষ করে নতুন বছরকে আমন্ত্রণ জানায়। এই সময় সমস্বরে তারা ‘শুভ নববর্ষ’ বলে একে অপরকে শুভ কামনা জানায়। প্রত্যক বছর অকল্যান্ডের স্কাই সিটি ক্যাসিনো নববর্ষের প্রথম ক্ষণটিকে স্মরণীয় করে রাখার জন্য বর্ণিল আতশবাজির আয়োজন করে থাকে।
এদিকে অস্ট্রেলিয়ার সিডনি হারবারে গ্রিনিচ মান সময় ১৩টায় আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। হাজার হাজার মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে সিডনি। দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ নতুন বছর শুরুর রাতটিকে মাতিয়ে রাখছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য গ্রিনিচ মান সময়ের চেয়ে সবচেয়ে এগিয়ে থাকা উল্লেখযোগ্য জনবসতির দেশ হিসেবে ঐতিহ্যগতভাবে নিউজিল্যান্ডই প্রথম নববর্ষ উদযাপন করে থাকে।
/বিএ/








