পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ জানুয়ারি পূর্ব নির্ধারিত ওই আলোচনায় পাকিস্তানের প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জয়েশ ই মোহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।
পাঠানকোটের ওই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান জঙ্গি দমনের প্রতিশ্রুতি দিলেও তা নিয়ে সন্তুষ্ট নয় ভারত। জঙ্গি দমনে পাকিস্তানের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে দিল্লি।
ভারতের এক সরকারি কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ভারত আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু পাকিস্তানের এনএসএ লেফট্যানেন্ট জেনারেল নাসের খানের পক্ষ থেকে প্রত্যুত্তর ও পদক্ষেপ দেখতে চান তারা। পাকিস্তানের উপর চাপ তৈরী করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি।
এদিকে, ওই হামলার পেছনে কোন সংগঠন জড়িত সে বিষয়ে স্পষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি। জয়েশ-ই-মোহাম্মদকে সন্দেহ করা হলেও অনেকের ধারণা আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই হামলা চালিয়ে থাকতে পারে। অনেকের মতে, এই হামলার সঙ্গে ইসলামিক স্টেটের সংশ্লিষ্টতা রয়েছে। আবার কেউ কেউ মনে করছেন তেহরিক-ই-তালেবান অথবা লস্কর-ই-জংভির সদস্যরা এই হামলার জন্য দায়ী। সূত্র: হিন্দুস্থান টাইমস
/ইউআর/বিএ/








