দ্বিতীয় দফার অভিশংসন বিচারেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষ্কৃতি দেওয়ার পক্ষেই ভোট দিয়েছেন সিনেট মাইনরিটি লিডার ও রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। তবে ট্রাম্পের ভূমিকার সমালোচনা করায় তাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নিজ দলের এ নেতাকে একগুঁয়ে, জঘন্য ও গোমড়ামুখো রাজনৈতিক নেতা বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চার বছরের মেয়াদে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ম্যাককনেল। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনি ট্রাম্পের পাশেই থেকেছেন সব সময়। তবে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের পর সম্প্রতি তাদের দুইজনের সম্পর্কে টানাপড়েন দেখা যায়। ধারণা করা হচ্ছিলো বিরোধকে কেন্দ্র করে অভিশংসন বিচারে ট্রাম্পের দণ্ড পাওয়ার পক্ষে সিনেট মাইনরিটি নেতা ভোট দেবেন। তবে তা না করে শেষ পর্যন্ত সাবেক প্রেসিডেন্টকে নিষ্কৃতি দেওয়ার পক্ষেই ভোট দিয়েছেন ম্যাককনেল। এরপর সিনেটে দেওয়া বক্তব্যে ট্রাম্পের ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, সহিংসতার জন্য উসকানি দেওয়ার নৈতিক দায় রয়েছে সাবেক প্রেসিডেন্টের। সে কারণেই ট্রাম্পের রোষানলে পড়েন এই প্রবীণ রাজনীতিবিদ।
মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘মিচ ম্যাককনেল হলেন একজন একগুঁয়ে, জঘন্য ও গোমড়ামুখো রাজনৈতিক ব্যক্তিত্ব। রিপাবলিকান সিনেটররা যদি তার সঙ্গে থাকেন তবে তারা আর জিততে পারবেন না। যে কাজ করা প্রয়োজন, যেটা আমাদের দেশের জন্য সঠিক তা তিনি কখনোই করবেন না।’
ট্রাম্প আরও বলেছেন, তিনি ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ ও ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী প্রার্থীদের দলীয় প্রাইমারিতে সমর্থন জানাবেন। মেধাবী, শক্তিশালী ও চিন্তাশীল নেতৃত্বের এখন প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করেন সাবেক প্রেসিডেন্ট।









