ভারতীয় বিমানঘাঁটিতে হামলার পূর্বে পুলিশ কর্মকর্তা অপহরণ ও গাড়ি ছিনতাইয়ের তথ্য জানার পরও পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নিতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ উঠেছে। এইরইমধ্যে ভারতীয় গোয়েন্দা সূত্র এবং পাঞ্জাব সরকারের তরফে দাবি করা হয়েছে, যারা পুলিশ সুপারিনটেনডেন্ট সালিন্দর সিংকে অপহরণ ও বন্দি করেছে তারাই হামলা চালিয়েছে বিমানঘাঁটিতে।
এক সেনা কর্মকর্তার দাবি, পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে প্রথম সতর্কতা আসে শুক্রবার বিকেলে। তারপর থেকেই পাঠানকোটে অনুসন্ধানী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় ও নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই এলাকায় পুলিশ পৌঁছাতে অন্তত ১২ ঘণ্টা দেরি হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, ‘আমরা ১৪ ঘণ্টা সময় ও দিনের আলো কাজে লাগাতে পারিনি। সময়মতো ব্যবস্থা নিতে পারলে ক্ষয়ক্ষতি হ্রাস করা যেতো।’
পুলিশ কর্মকর্তাকে অপহরণ ও গাড়ি ছিনতাইয়ের পর অন্তত ২৪ ঘণ্টা মুক্ত বাতাসে ঘুরে বেড়িয়েছে জঙ্গিরা। ফলে অভিযোগ উঠেছে, পুলিশ পদক্ষেপ নিতে যথেষ্ট দেরি করেছে। এমনকি বন্দিদের মধ্যে দুইজনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়, তারা নিজেদের মুক্ত করে পাঠানকোট পুলিশকে অবহিত করলেও যথাযথ পদক্ষেপ নিতে পারেনি পাঠানকোট পুলিশ। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/বিএ/








