কানাডার ভ্যাঙ্কুভার শহরতলির একটি পাবলিক লাইব্রেরিতে ছুরি হামলার ঘটনা ঘটেছে। শনিবারের এ হামলায় ছয় ব্যক্তি হতাহত হয়েছে। এর মধ্যে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ভ্যাঙ্কুভার শহরতলির একটি ব্যস্ত বাজারের কাছে অবস্থিত ওই পাবলিক লাইব্রেরিতে হামলার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতারে সমর্থ হয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার বিকালে এ হামলা চালানো হয়। হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা। বিশেষ করে যারা এ ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাদের বিশদ তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সার্জেন্ট ফ্রাঙ্ক জ্যাং বলেন, ছয় জন ছুরিকাঘাতের শিকার হয়েছেন। দুঃখজনকভাবে তাদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, আমাদের ধারণা এক ব্যক্তিই এ হামলা চালিয়েছে। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সে এই ঘটনা ঘটিয়েছে?
একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের হাতে ধরা পড়ার আগে এক ব্যক্তি ছুরি হাতে নিজেকে আঘাত করছে।
হামলাকারীর ব্যাপারে এখনও পর্যন্ত বিশদ তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির আরও একটি অপরাধের রেকর্ড রয়েছে।
এই ছুরি হামলার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, আজ রাতে আমার মনটা নর্থ ভ্যাঙ্কুভারে পড়ে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।









