বুধবার (৬ জানুয়ারি) খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি আরব। এর মাধ্যমে ২০১৬ সালের প্রথম সপ্তাহেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৪৯-এ দাঁড়ালো। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন খবরটি নিশ্চিত করেছে।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মৃত্যুদণ্ড কার্যকরের খবরটি নিশ্চিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এক বিরোধের জের ধরে মোহাম্মদ বিন সাফর আল হারিসিকে গুলি করে হত্যার দায়ে সৌদ বিন মোহাম্মদ আল শালভি দোষী সাব্যস্ত হন। দেশের পশ্চিমাঞ্চলীয় তায়েফ নগরীতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এরআগে গত শনিবার (২ জানুয়ারি) সৌদি আরব ‘সন্ত্রাসবাদের’ জন্য দোষী সাব্যস্ত ৪৭ জনের শিরশ্ছেদ করে। এদের মধ্যে আল-কায়েদা সংশ্লিষ্ট বেশ ক’জন জঙ্গি এবং শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমর রয়েছেন। নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয় নিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক বিরোধ সৃষ্টি হয়। শিয়া প্রধান ইরানের রাজধানী তেহরানে শেখ নিমরের শিরশ্ছেদের প্রতিবাদে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে আগুন দেয়ার পরে সৌদি আরব রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণার পর একে একে বাহরাইন আর সুদানও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিলের ঘোষণা দেয়। মঙ্গলবার ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয় কুয়েত।
উল্লেখ্য, সৌদি আরবে ২০১৫ সালে সর্বমোট ১৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দুই দশকের মধ্যে এটিই দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের ঘটনা। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এর মধ্যে প্রথম একশ’ জনের ৫৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায়। নভেম্বর মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল গত বছর সৌদিতে অন্তত ৬৩ জনকে মাদক সংক্রান্ত মামলায় ফাঁসি কার্যকর করা হয়।
/বিএ/








