নিজের ছবিকে সাতটি ভিন্ন ভিন্ন আফ্রিকান সাজে উপস্থাপন করে বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক হাঙ্গেরিয়ান সাংবাদিক ও মানবাধিকার বিষয়ক আইনজ্ঞ। অনলাইনে সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনার মুখে নিজের ওই ছবিগুলো সরিয়ে নেন বোগলার্কা বালোগ।
ডিসেম্বরের শেষে ওদাবি, দাসানাচ, আরবোরে, মুরসি, তুরকানা, কারো ও হিম্বা নামের সাতটি নৃগোষ্ঠীর সাজে নিজেকে সাজিয়ে ছবিগুলো পোস্ট করেন বালোগ। ওই পোস্টে তিনি লেখেন, ওই নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই ওই সাজে নিজেকে সাজিয়ে ছবি তুলেছেন তিনি। আফ্রিকান ওই নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও সৌন্দর্য তুলে ধরাই ছিল তার উদ্দেশ্য।
কিন্তু বালোগের ওই ছবিগুলো সম্পর্কে তীব্র সমালোচনা সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার পোস্টটি সরিয়ে নেন তিনি। সমালোচকদের মতে ওই ছবিগুলো আক্রমণাত্বক, অহংকারী ও আত্মপ্রেমমূলক।
বালোগ এই সব সমালোচনার প্রতিক্রিয়ায় নিজের ব্লগপোস্টে লেখেন, ‘আমি আফ্রিকার অনেক দেশে ঘুরেছি। আমি দেখেছি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো কত বিপন্ন, কত দ্রুত তারা হারিয়ে যাচ্ছে।’
কিন্তু বালোগের এই সহমর্মিতা ও সংহতিমূলক বক্তব্যও থামাতে পারেনি সমালোচনার ঝড়। তুরকানা বংশোদ্ভুত এক নারী লেখেন, ‘এই ইতিহাস তোমার নয়, নিজের জায়গায় থাকো।’
অন্য এক মন্তব্যে বলা হয়, উদ্দেশ্য যতই সাধু হোক, এই ছবি সত্যিকারের আফ্রিকান সৌন্দর্য তুলে ধরতে পারেনি।
এহেন সমালোচনার মুখে অতিষ্ঠ হয়ে বালোগ লেখেন, ‘যদিও আমার কাউকে আঘাত করার কোন ইচ্ছেই ছিল না, তথাপি সকল মন্তব্যের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার পোস্ট সরিয়ে নিচ্ছি।’ সূত্র: গার্ডিয়ান
/ইউআর/








