ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে অন্তত ৯৫টি বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। পার্থের দক্ষিণে ইয়ারলুপ শহরে তিনজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তীব্র ঝড়ে পিঞ্জারা শহরের একটি পুনর্বাসন কেন্দ্রও আক্রান্ত হয়েছে। বিপর্যয়ের মুখে পড়েছে সেখানকার বিদ্যুৎ ব্যবস্থা।
এখনও আগুন নিয়ন্ত্রেণে আনা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
একজন স্থানীয় রাজনীতিক বিবিসিকে জানিয়েছেন, আগুন সবকিছু ধ্বংস করে দিচ্ছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত রাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে শুরু করলে আগুন ছড়িয়ে পড়ে । অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবারও (০৮ জানুয়ারি) বাতাসের প্রবাহ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় অগ্নি নির্বাপক সংস্থার কমিশনার ওয়েনে গ্রেগসন বলেছেন, ইয়ারলুপ শহরে দাবানলের অবস্থা গুরুতর। এখানে আগুন মোকাবেলা সত্যিই কঠিন। দায়িত্ব পালনের সময় চার অগ্নি নির্বাপক কর্মী আহত হয়েছেন। এছাড়া সংস্থার একটি ট্রাকও ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার প্রায় ৫৮ হাজার হেক্টর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
/বিএ/








