সৌদি নেতৃত্বাধীন ৩৪ দেশীয় সন্ত্রাসবিরোধী জোটে অংশ নিলেও সৌদি আরব কিংবা অন্য কোনও দেশে স্থলসেনা পাঠাবে না পাকিস্তান।সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সৌদি আরবকে কেবল গোয়েন্দা সহায়তা দেবে দেশটি। মঙ্গলবার পার্লামেন্ট হাউজে ন্যাশনাল অ্যাসেম্লি ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে দেওয়া এক ব্রিফিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ এ কথা জানান।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনা প্রধান রাহিল শরিফের মধ্যকার বৈঠকের একদিন পর এমন সিদ্ধান্ত জানানো হলো।
সরতাজ জানান, জোটের অংশ হিসেবে পাকিস্তানের ভূমিকা কী হবে তা নিয়ে এরইমধ্যে সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়ে গেছে। ইরানের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনা বন্ধে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘সৌদি-ইরান উত্তেজনা ঠেকাতে জেদ্দাতে ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে পাকিস্তান বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করবে।’
সন্ত্রাসবাদ মোকাবিলার কথা বলে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ৩৪টি মুসলিম দেশের এক সমন্বিত সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সব ধরনের সন্ত্রাসী গ্রুপ ও সংগঠনের হাত থেকে মুসলিম জাতিগুলোকে রক্ষা করতেই ওই জোট গঠন করা হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ওই ৩৪টি দেশ সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট গঠন করবে। রিয়াদ থেকে ওই সামরিক অভিযান পরিচালনা এবং সমন্বয় করা হবে। তবে সেই সামরিক অভিযান কেমন হবে, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।
জোটের মধ্যে বাংলাদেশেরও নাম রয়েছে। এছাড়া রয়েছে জর্ডান, আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, বেনিন, তুরস্ক, শাদ, টোগো, তিউনিসিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরা লিওন, সোমালিয়া, গেবন, গিনি, ফিলিস্তিন, কমোরোস, আইভরিকোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিসর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, ইয়েমেন।
তবে সৌদি আরবের সঙ্গে বৈরিতার সম্পর্কে সম্পর্কিত ইরান ওই জোটে নেই। আর জোটে নিজেদের নাম থাকা নিয়ে প্রাথমিকভাবে বিস্ময় প্রকাশ করে পাকিস্তান, মালয়েশিয়া, লেবানন ও ইন্দোনেশিয়া। আর সেকারণে ঘোষণার পর থেকেই প্রশ্নবিদ্ধ হতে শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। অবশ্য পরে নিজেদের জোটে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করে পাকিস্তান। সূত্র:ডন
/এফইউ/








